যুবসাথী প্রকল্পের মাসিক ১,৫০০ টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি (DBT)-এর মাধ্যমে জমা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, টাকা পাওয়ার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি (DBT) অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক।
যাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাঁরা প্রায়শই বিভ্রান্তিতে পড়েন যে কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে। ফর্ম ফিলাপের সময় সঠিক ব্যাঙ্ক ডিটেইলস না দিলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। নিচে ডিবিটি স্ট্যাটাস চেক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হলো।
ডিবিটি (DBT) কী এবং এটি কেন জরুরি?
ডিবিটি বা ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ হলো সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর একটি সুরক্ষিত মাধ্যম। আগে সরকারি টাকা হাতঘুরে আসত বলে মাঝখানে দালাল বা কাটমানির সমস্যা থাকত। ডিবিটি সিস্টেমে আধার কার্ডের মাধ্যমে সরাসরি আসল উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, পিএম কিষাণ-এর মতো ৯৯% সরকারি প্রকল্পের টাকা এই মাধ্যমেই দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ বিষয় (KYC বনাম DBT):
- আধার কার্ড দিয়ে একাধিক ব্যাঙ্কে KYC করা থাকতে পারে।
- কিন্তু, DBT বা আধার সিডিং একসঙ্গে কেবল একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারে। এটি সম্পূর্ণভাবে NPCI দ্বারা নিয়ন্ত্রিত হয়।
কীভাবে চেক করবেন কোন ব্যাঙ্কে আপনার DBT লিঙ্ক আছে?
আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই এটি চেক করতে পারবেন। এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক (কারণ ওটিপি আসবে)।
১. যেকোনো ব্রাউজার (যেমন Google Chrome) খুলে NPCI লিখে সার্চ করুন বা সরাসরি npci.org.in ওয়েবসাইটে যান।
২. হোমপেজে থাকা মেনু থেকে ‘Consumer’ (বা Customer) অপশনে ক্লিক করে ‘Bharat Aadhaar Seeding Enabler (BASE)’ অপশনটি বেছে নিন।
৩. এখানে একটি নতুন পেজ খুলবে। মনে রাখবেন, পেজটির সেশন টাইম মাত্র ৮ মিনিট। এর মধ্যেই কাজ শেষ করতে হবে।
৪. স্ট্যাটাস চেক করার জন্য ‘Aadhaar mapped status’-এ ক্লিক করুন।
৫. আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড (Captcha) বসিয়ে ‘Check Status’-এ ক্লিক করুন।
৬. আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি বসালেই স্ক্রিনে আপনার স্ট্যাটাস দেখাবে।
৭. এখানে আপনি দেখতে পাবেন বর্তমানে আপনার কোন ব্যাঙ্কের (যেমন— Union Bank, SBI ইত্যাদি) সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে এবং শেষ কবে তা আপডেট হয়েছে।
কীভাবে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT ট্রান্সফার বা লিঙ্ক করবেন?
আপনি যদি দেখেন যে ফর্মে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের বদলে অন্য কোনো ব্যাঙ্কে ডিবিটি অ্যাক্টিভ আছে, তবে আপনি চাইলে ঘরে বসেই তা পরিবর্তন করতে পারবেন।
১. NPCI ওয়েবসাইটের ওই একই পেজ থেকে ‘Aadhaar Seeding or De-seeding’ অপশনে ক্লিক করুন।
২. একটি ওয়ার্নিং মেসেজ এলে ‘Confirm’-এ ক্লিক করুন।
৩. আপনার আধার নম্বর দিন এবং ড্রপডাউন থেকে ‘Seeding’ অপশনটি বেছে নিন (De-seeding মানে ডিবিটি পুরোপুরি বন্ধ করা, তাই এটি বাছবেন না)।
৪. এরপর তালিকা থেকে আপনার নতুন ব্যাঙ্কটি (যেখানে ডিবিটি লিঙ্ক করতে চান) সিলেক্ট করুন।
৫. সিডিং টাইপ (Seeding Type) নির্বাচন করুন:
ব্যাঙ্ক সিলেক্ট করার পর আপনাকে সিডিং-এর ধরন বেছে নিতে হবে। নিচের টেবিল থেকে আপনার জন্য সঠিক অপশনটি বেছে নিন:
| সিডিং টাইপ (Seeding Type) | কখন ব্যবহার করবেন? |
| Fresh Seeding | আপনি যদি জীবনে প্রথমবার কোনো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করেন। |
| Movement same bank… | আপনার একই ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকলে এবং একটি থেকে অন্যটিতে ডিবিটি সরাতে চাইলে। |
| From one bank to another… | এক ব্যাঙ্কের (যেমন Union Bank) ডিবিটি বন্ধ করে সম্পূর্ণ নতুন কোনো ব্যাঙ্কে (যেমন SBI) ডিবিটি সরাতে চাইলে। |
৬. সঠিক অপশন বেছে নেওয়ার পর, আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দু’বার লিখুন।
৭. টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দিয়ে ক্যাপচা কোড বসান এবং ‘Submit’ করুন।
৮. ফের আপনার মোবাইলে ওটিপি (OTP) আসবে। ওটিপি বসিয়ে কনফার্ম করুন।
৯. স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ আসবে, যেখানে পুরোনো ব্যাঙ্ক থেকে নতুন ব্যাঙ্কে ডিবিটি সরানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হবে। ‘Confirm’-এ ক্লিক করুন।
প্রক্রিয়াটি সম্পন্ন হলে স্ক্রিনে ‘Status Success’ দেখাবে এবং একটি রেফারেন্স নম্বর জেনারেট হবে। ব্যাস, আপনার নতুন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে! এবার নিশ্চিন্তে এই অ্যাকাউন্ট নম্বরটি যুবসাথী বা অন্যান্য সরকারি প্রকল্পের ফর্মে ব্যবহার করতে পারেন।



